সমর্থকদের নিয়ে শীর্ষ আদালত অভিযানকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে সরব বিজেপির গৌরব ভাটিয়া
নাম না করে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর আচরণে ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সূত্রের খবর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নাকি মন্তব্য করেছে, এ ধরনের আচরণে কেউ প্রভাবিত হয় না, কেউ গুরুত্বও দেয় না।
সোমবার সুপ্রিম কোর্ট অভিযানের আগে প্রধান বিচারপতি সূর্যকান্ত ইন্ডিয়া জোটের নেতাদের সাক্ষাতের অনুরোধ ফিরিয়ে দেন। তিনি জানান, বিষয়গুলি আগে থেকেই আদালতের বিচারাধীন এবং আদালত রাজনৈতিক দলের প্রতিনিধিদল এভাবে প্রশাসনিক স্তরে গ্রহণ করতে পারে না। তিনি এ-ও বলেন, রাজনৈতিক বিষয়ে সুপ্রিম কোর্টকে টেনে আনা উচিত নয়।
তবুও অভিযান থেমে থাকেনি। রাহুল গান্ধী জানিয়েছিলেন, ‘ভোট চুরি’ বন্ধ, বিশেষ নিবিড় সংশোধন (SIR) স্থগিত এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তাঁরা সুপ্রিম কোর্টে স্মারকলিপি জমা দেবেন। পুলিশি ব্যারিকেডের মধ্যেই রাহুল, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে-সহ বিরোধী নেতারা আদালতের দিকে এগোন। পরে তাঁরা এসআইআর-এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন।
মঙ্গলবার সেই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে সুপ্রিম কোর্টে উল্লেখ করেন সিনিয়র অ্যাডভোকেট ও বিজেপি নেতা গৌরব ভাটিয়া। বিরোধী নেতাদের শীর্ষ আদালতের ফাইলিং কাউন্টারে ঢুকে পড়ার ঘটনায় আদালতের হস্তক্ষেপ চেয়ে আইনজীবীদের দায়ের করা একটি আবেদনের কথা তিনি তোলেন। সেই প্রসঙ্গেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নাম না করে মন্তব্য করে, এ ধরনের আচরণে কেউ প্রভাবিত হয় না।
বিরোধী নেতার সঙ্গে সুপ্রিম কোর্টের সংঘাত নতুন নয়। ২০২২ সালের ভারত জোড়ো যাত্রায় সেনা নিয়ে করা মন্তব্যের মানহানি মামলায় ২০২৫ সালে শীর্ষ আদালত রাহুলকে তীব্র ভর্ৎসনা করেছিল, যদিও পরে মামলার কার্যধারা স্থগিতও করে দেয়।