মুর্শিদাবাদ বিধানসভা “আমার দায়িত্ব”, ডিসেম্বরের মধ্যে কাজ শেষের নির্দেশ
বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের লালবাগে পুজো উদ্বোধনে গিয়ে এলাকার অন্যতম পুরনো সমস্যা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, গরু পাচার ও নেশার সামগ্রী পাচার এখন কার্যত বন্ধ। পাশাপাশি একগুচ্ছ উন্নয়নমূলক ঘোষণাও করেন তিনি।
বৃহস্পতিবার মুর্শিদাবাদ বিধানসভার অন্তর্গত লালবাগের বুধাসপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে তিনি স্পষ্ট জানান, এই বিধানসভা তাঁর নিজের দায়িত্ব। অনুষ্ঠানে মুর্শিদাবাদ বিধানসভার বাসিন্দাদের হাতে পুজোর উপহারও তুলে দেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিএসএফ ও পুলিশ জেলায় একসঙ্গে কাজ করছে। সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজও চলছে। তাঁর দাবি, কোনও অবৈধ অনুপ্রবেশ ঘটবে না এবং গরু ও নেশার সামগ্রী পাচার এখন প্রায় বন্ধ। মুর্শিদাবাদকে নেশামুক্ত করার ডাকও দেন তিনি। এলাকার উন্নতি হলে এখানে পর্যটনের সম্ভাবনাও রয়েছে বলে জানান।
অনুষ্ঠানে উপস্থিত প্রশাসনিক কর্তাদের কাছে এলাকার পরিকাঠামোর খোঁজ নেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় আইটিআই কলেজ আছে কি না, জানতে চান। উত্তর নেতিবাচক হতেই জেলাশাসককে নির্দেশ দেন, আইটিআই কলেজের জন্য জমি দিতে হবে। এ ছাড়া তিনি ঘোষণা করেন:
এলাকার বিদ্যমান কলেজে চালু হবে গার্লস কলেজ
বিদ্যমান কলেজে মর্নিং শাখা শুরুর নির্দেশ। অধ্যাপকের অভাব হবে না বলেও আশ্বাস দিয়েছেন। এছাড়াও হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি, এলাকায় প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র স্থাপন ও উন্নয়নের কাজে অর্থের অভাব হবে না বলেও জানান মুখ্যমন্ত্রী। এই সব কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি।
অনুষ্ঠানে এলাকার বাসিন্দাদের কাছে নাবালিকা বিবাহ বন্ধের আবেদনও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি মনে করিয়ে দেন, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেওয়া আইনত অপরাধ।